শাবিস্তান বার্তা সংস্থা আবনার রিপোর্ট: হুসী বাহিনী’র মুখপাত্র ঘোষণা করেছেন যে, আসন্ন পবিত্র গাদীর দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ মাহফিলের জন্য প্রস্তুতি গ্রহণকালে সমবেত শিয়াদের মাঝে একটি আত্মঘাতি গাড়ীর বিস্ফোরণ ঘটালে ১৭ জন শিয়া শাহাদত বরণ করেছে এবং অপর ১৫ জন আহত হয়েছে।
হুসী বাহিনী’র মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম বলেন: উত্তর ইয়েমেনের ‘আল জওফ’ প্রদেশের একটি স্থানে সমবেত শিয়াদের উপর এ আত্মঘাতী গাড়ী বোমা হামলা চালানো হয়।
তিনি বলেন: শিয়ারা ঈদে গাদীরের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য সমবেত হলে আত্মঘাতী বোমা ধারী এক ব্যক্তি গাড়ীটির বিস্ফোরণ ঘটায়।
অপরদিকে ইয়েমেনের এক গোত্রপতি বলেছেন: উক্ত হামলাটি ছিল আত্মঘাতী এবং এর সাথে আল কায়েদা সন্ত্রাসী বাহিনী জড়িত রয়েছে।#