৩১ ডিসেম্বর ২০১০ - ২০:৩০

ইংরেজি নববর্ষের প্রথম দিনে পাকিস্তানের ওয়াজিরিস্তানে দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াজিরাস্তানের উত্তর অঞ্চলে চালানো এ হামলায় অন্তত ১১ জন ব্যক্তি নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: পাকিস্তান টিভি চ্যানেল হতে প্রচারিত সংবাদে বলা হয়েছে যে, আজ শনিবার (১লা জানুয়ারী ২০১১) সকালে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে দু’টি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ ব্যক্তি নিহত হয়েছে।

মার্কিনীদের প্রথম হামলাটি স্পিয়েন ওয়াম নামক এলাকায় একটি যানবাহনে আঘাত হানে। মার্কিনীদের ছোড়া ৪টি ক্ষেপণাস্ত্র উক্ত যানবাহনে আঘাত হানলে অন্তত ৮ ব্যক্তি নিহত হয়।

একইভাবে মীর আলী শহরের নিকটবর্তী স্থানে অবস্থিত একটি বাড়ীতে মার্কিনীদের ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। দ্বিতীয় এ হামলায় ৩ ব্যক্তি নিহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য যে, গত শুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অপর ৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। মার্কিন পাইলট বিহীন (ড্রোন) হতে নিক্ষিপ্ত দু’টি ক্ষেপণাস্ত্র একটি যানবাহনে আঘাত হানলে ঐ ৩ ব্যক্তি নিহত হয়।#