৯ জানুয়ারি ২০১১ - ২০:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইরানে একটি যাত্রীবাহী বিমান নামার সময় বিধ্বস্ত হয়ে অন্তত ৭৭ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে।

আহতদের অনেকের অবস্থা আশংকাজনক এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের ওরুমিয়ে এবং তাবরিজ শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাজধানী তেহরান থেকে ৭০০ কিলোমিটার দূরে ইরানের পশ্চিম আজারবাইজানের ওরুমিয়ে শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে ইরানের স্টেট ইমার্জেন্সি সেন্টারের প্রধান গোলাম রেজা মাসুমি জানিয়েছেন।

ইরান এয়ারলাইন্সের ৭২৭ বোয়িং বিমান ১০৫ জন যাত্রী নিয়ে তেহরানের মেহেরাবাদ বিমানবন্দর থেকে যাত্রা করে। মার্কিন নির্মিত বিমানটি পশ্চিম আজারবাইজান প্রদেশের ওরুমিয়ে বিমানবন্দরে নামার সময় বিধ্বস্ত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ওরুমিয়ে বিমান বন্দরে বিমানটির প্রথম নামার চেষ্টা বাতিল করে দেয়া হয়। দ্বিতীয় দফায় বিমানটি নামার চেষ্টা করে তবে, এ সময় রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি খামারে বিধ্বস্ত হয়। বিমান দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনার পরপরই ইরানের সড়ক ও যোগাযোগমন্ত্রী হামিদ বেহবাহানি ঘটনাস্থলে ছুটে গেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনার কারণ বের করার জন্য বিমানটির ব্ল্যাক ব্ক্স পরীক্ষা করে দেখতে হবে। ঘন কুয়াশা এবং তুষারের কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে।

ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ এরইমধ্যে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

ইরানের জাতীয় বিমান সংস্থা 'ইরান এয়ার'-এর বোয়িং এবং এয়ার বাস রয়েছে।

মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের যাত্রীবাহী বিমানের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করতে তেহরানকে বিশেষভাবে বেগ পেতে হয়। এমনকি ইউরোপীয় যাত্রীবাহী বিমানগুলোর যন্ত্রাংশও একই কারণে যোগাড় করা বেশকষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।#