আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমাম বাড়ীতে অনুষ্ঠিত এ শোক মজলিশে মূল বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ ইবরাহিম খলিল রাজাভী।
তিনি বলেন: মহররম ও সফর মাসের যথাযথ গুরুত্ব প্রদান করা হলে মুসলিম বিশ্বে একটি গণজাগরণের সৃষ্টি হত। ফলে মুসলিম বিশ্ব অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের হাত থেকে রেহাই পেত।
তিনি আরো বলেন: হযরত ইমাম হুসাইন (আ.) এর বোন বিবি যায়নাব (সা. আ.) ইসলামকে উদ্ধার করতে নারী জাতির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে তিনি ইয়াযিদের সামনে অত্যন্ত সাহসীকতার সাথে খুতবা পাঠ করেন।
তিনি বিশ্বের সকল মুসলমানের প্রতি কারবালার শিক্ষা ও চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সভায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ রেজা আলী যায়দীসহ অনেকেই বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আলোচনা শেষে একটি শোক ও মাতম মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় ইমাম বাড়ীতে গিয়ে শেষ হয়।
বৃহত্তম এ শোক মিছিলে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বসবাসকারী শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন।
বার্তা প্রেরক: মোঃ ইকবাল, (সেক্রেটারী, আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা।)