আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মদিবস ও তাঁরই বংশধারায় জন্মগ্রহণকারী ইসলামি বিপ্লবের মহান স্থপতি হযরত ইমাম খোমেনী (রহ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে, গত ২৪শে মে সন্ধ্যা ৭:৩০ মিনিটে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়ীতে এক ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত মাহফিলে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন জনাব যায়গাম আব্বাস ও হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহীম খলীল রাজাভী।
এ আনন্দ মাহফিলে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শানে কাসিদা পাঠ করেন রাশেদুল ইসলাম, জনাব আতিয়ার রহমান, হুজ্জাতুল ইসলাম সাবের রেজা ও জনাব গামখার হোসেন প্রমুখ।
বক্তাগণ নবী পরিবারের অনন্যসাধারণ ফজিলতের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। এ ছাড়া ২০ জমাদিউস্ সানী উপলক্ষে যাহরা নারী কল্যাণ পরিষদ খুলনা’র উদ্যোগে উক্ত দিবসকে ‘বিশ্ব মুসলিম নারী দিবস’ হিসেবে পালনের দাবী সম্বলিত পোষ্টার বিভিন্ন শহর ও গ্রামে লাগানোর ব্যবস্থা করা হয়। বিভিন্ন শিয়া কেন্দ্রেও মহিমান্বিত এ দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যানার টানানো হয়।
যাহরা নারী কল্যাণ পরিষদ খুলনা’র পক্ষ হতে প্রকাশিত পোষ্টারে যে সকল দাবী জানানো হয়েছে তা নিম্নরূপ:
১। ২০ জমাদিউস সানী বিশ্ব মুসলিম নারী দিবস পালন করুন।
২। সকল বৈষম্য ও নারী নির্যাতন পরিহার করুন।
৩। অনৈসলামিক যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
৪। ইসলামি শরীয়ত অনুযায়ী নারীর অধিকার নিশ্চিত করুন।
৫। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নকে উত্সাহিত করুন।
৬। সমাজ ও পরিবারের নারীর মর্যাদা সমুন্নত রাখুন।
৭। জাতীয় উন্নয়নে নারীকে সম্পৃক্ত করুন।
৮। পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ বিনির্মাণে পর্দা প্রথা চালু করুন।
৯। নারী বিজ্ঞাপন, মডেল ও ভোগের পণ্য নয়, সে মর্যাদার প্রতীক, তাকে বিকশিত হওয়ার সুযোগ দিন।
১০। হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর আদর্শে নিজের পরিবার গড়ে তুলুন।
১১। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীকে অংশগ্রহণের সুযোগ দিন।
১২। কন্যা সন্তানের প্রতি অবজ্ঞা প্রদর্শন ইসলামে নিষিদ্ধ।
