রেডিও তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেও সমকামী বিয়ের আইনগত বৈধতা দেয়া হয়েছে। গতকাল নিউ ইয়র্ক সিনেট এ অনুমোদন দেয়। রিপাবলিকান অধ্যুষিত সিনেটে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৩৩টি আর বিপক্ষে পড়ে ২৯ ভোট। এর আগে, সেখানকার আইনসভার নিম্নকক্ষে প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়। নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের কর্তৃত্ব রয়েছে।
প্রস্তাবটি পাস হওয়ার পরপরই বিলটি আইনে পরিণত করার জন্য তাতে নিউ ইয়র্কের মেয়র অ্যান্ড্রু কিয়োমো সই করেন। এর ফলে এখন নিউ ইয়র্কের নারী ও পুরুষরা একই লিঙ্গের মানুষকে বিয়ে করতে পারবে। ধারণা করা হচ্ছে আগামী ৩০ দিন পর এ ধরনের বিয়ে শুরু হবে। সমকামী আন্দোলনকারীরা বলছে, এটা তাদের জন্য বড় রকমের বিজয়। এর আগে, দেশটির আরো পাঁচটি অঙ্গরাজ্যে এ ধরনের বিয়ের অনুমতি দেয়া হয়েছে।
নিউ ইয়র্কে এ ধরনের আইন পাস হওয়ায় সেখানকার ক্যাথলিক বিশপ হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ আইনের কারণে নানা ধরনের সমস্যা সৃষ্টি হবে। এ ছাড়া, অনেকেই একে সভ্যতা বিরোধী কাজ বলেও মন্তব্য করেছেন। তারা বলছেন, এর মাধ্যমে পশ্চিমা সমাজের চরম নৈতিক অবক্ষয়ের নতুন চিত্র বেরিয়ে এল।#