রেডিও তেহরানের বরাত দিয়ে আবনার রিপোর্ট: ইয়েমেনের আবিয়ান প্রদেশে একটি মসজিদের ওপর বিমান হামলায় ৭ জন নিরীহ ব্যক্তি নিহত হয়েছেন। ইয়েমেনের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, আবিয়ানের জার শহরের গ্র্যান্ড মসজিদের ওপর আজ এ বিমান হামলা চালানো হয়।
ভুলক্রমে এ বিমান হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনের বিমান বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে। ইয়েমেনের বিমান বাহিনী দাবি করেছে, তারা জার শহরের সন্দেহভাজন আল-কায়েদা নিয়ন্ত্রিত অপর একটি মসজিদে হামলা করতে চেয়েছিল।
গত বুধ ও বৃহস্পতিবারে আবিয়ানে মার্কিন বিমান হামলা এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত: ৩০ জন নিহত হয়েছে। নিহতরা সন্দেহভাজন আল-কায়েদা সদস্য বলে দাবি করা হয়েছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ'র পদত্যাগের দাবিতে গত জানুয়ারি থেকে দেশটিতে অব্যাহত গণবিক্ষোভ চলছে। এ অবস্থায় আন্দোলন থেকে নজর ফেরানোর উদ্দেশ্যে পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আল-কায়েদার সমস্যা উস্কে দেয়া হচ্ছে বলে ইয়েমেনের সরকারবিরোধী দলগুলো মনে করছে ।
এদিকে লাখো জনতার বিক্ষোভে গতকাল আবার উত্তাল হয়ে উঠেছিল ইয়েমেনের রাজধানী সানা। স্বৈরশাসক সালেহ'র পতন আন্দোলন জোরদার করতে ইয়েমেনের বিপ্লবী জাতীয় পরিষদ নতুন করে বিক্ষোভের ডাক দেয়ায় বিক্ষোভ হয়।#