১ অক্টোবর ২০১১ - ২০:৩০

লেবাননের উত্তর অঞ্চলীয় শহর ট্রাবলোসে’র একটি মসজিদের নিকটবর্তী স্থানে একটি বোমা বিস্ফোরণে চার ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে লেবানন পুলিশ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লেবানন পুলিশ ঘোষণা করেছে যে, লেবাননের উত্তর অঞ্চলীয় শহর ট্রাবলোসের একটি মসজিদের কাছে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটলে ঐ ৪ ব্যক্তি আহত হয়।

লেবাননের নিরাপত্তা বাহিনী’র বিশ্বস্ত এক সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, ‘জাবালুল মোহসেন’ ও ‘বাবুল তানাবাহ’ অঞ্চলের মধ্যবর্তী স্থানে অবস্থিত ‘আল-আনসার’ মসজিদের নিকটে ঐ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্থানটিতে ইতিপূর্বে বেশ কয়েকবার সাম্প্রদায়িক সংঘর্ষ বেধেছে।

লেবাননের সংবাদ বিষয়ক ওয়েব সাইট ‘আল-নাশরাহ’ লিখেছে : মসজিদের পাশে পার্ক করে রাখা একটি গাড়ীর নিচে ঐ বোমাটি পাতা ছিল। বিস্ফোরণে ৩ ও ৫ বছরের দুই শিশু, তাদের মা এবং অপর এক ব্যক্তি –যারা উক্ত গাড়ীর নিকটে ছিল- আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং লেবাননের নিরাপত্তা বাহিনী এ বিস্ফোরণের বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।#