২২ অক্টোবর ২০১১ - ২০:৩০

সৌদি আরবের বর্তমান বাদশাহ’র স্থলাভিষিক্ত সুলতান বিন আব্দুল আযিয আলে সৌদের মৃত্যুতে ৩ দিন সাধারণ শোক ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের আমির।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : প্রিন্স সুলতানের মৃত্যুতে সৌদি আরবে সাধারণ শোক ঘোষিত হওয়ার পূর্বেই কুয়েতের আমির শেইখ সাবাহ আল আহমাদ আল জাবের আস সাবাহ গতকাল ঘোষণা করেছেন যে, সৌদি আরবের বাদশাহ’র সহোদর ও স্থলাভিষিক্ত সুলতান বিন আব্দুল আযিযের মৃত্যুতে ৩ দিন সাধারণ শোক পালিত হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আমির শেইখ খালিফা বিন যায়েদ আলে নাহইয়ান, সৌদি আরবের প্রিন্স সুলতান বিন আব্দুল আযিযের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সৌদি আরবের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে তিনি এদেশে ৩ দিন সাধারণ শোক ঘোষণা করেছেন।

এ সিদ্ধান্তের ভিত্তিতে সকল সরকারী কার্যালয় ও সংস্থায় কালো পতাকা উত্তোলন করা হবে।

উল্লেখ্য, প্রিন্স সুলতান বিন আব্দুল আযিয আলে সৌদ দীর্ঘদিন যাবত দূরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভুগছিলেন, অবশেষে তিনি গত শনিবার নিউইয়র্কে ইন্তেকাল করেছেন। তার জানাযা আগামী মঙ্গলবার রিয়াদের তুরকি বিন আব্দুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে।#