আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লিবিয়ার প্রাক্তন স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফী’র পুত্র সাইফুল ইসলাম গাদ্দাফীকে কিছুক্ষণ পূর্বে লিবিয়ার দক্ষিন অঞ্চলের ‘উবেরী’ এলাকা হতে গ্রেপ্তার হয়েছে। ‘উবেরী’ এলাকাটি নাইজার ও চাদ সীমান্তে অবস্থিত।
তাকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে করে লিবিয়ার দক্ষিন-পশ্চিম অঞ্চলীয় শহর ‘আল যানতানে’ স্থানান্তরিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা বিভাগের কর্মকর্তাগণ সাইফুল ইসলামের অবস্থা সম্পর্কে কোন তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তার গ্রেপ্তারের সাথে সাথে এ খবর আল আরাবিয়া, আল আলাম, আল জাজিরা ও আল মানারসহ বিভিন্ন চ্যানেল হতে প্রচারিত হয়েছে। লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল ঘোষণা করেছে যে, ন্যায়সঙ্গতভাবে তার বিচারকার্য হবে।
উল্লেখ্য, তার গ্রেপ্তারের পর যে ছবি প্রকাশিত হয়েছে তা হতে স্পষ্ট হয় যে, তার হাতের তিনটি আঙ্গুল কাটা। গ্রেপ্তারের সময় বিপ্লবীদেরকে তিনি জানিয়েছেন যে, গত মাসে ন্যাটো বাহিনী’র হামলায় আক্রান্ত হয়ে তিনি তার ডান হাতের তিনটি আঙ্গুল হারিয়েছেন।#