রেডিও তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য আভাজ হায়দারপুর জানিয়েছেন, ইস্পাহান প্রদেশে আরো একটি নতুন পরমাণু স্থাপনা তৈরির কাজ শুরু হয়েছে। এ পরমাণু স্থাপনাও সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হবে বলে তিনি জানিয়েছেন। হায়দারপুর জানান, ইস্পাহান প্রদেশের শাহরেজা শহরে পরমাণু স্থাপনাটি তৈরি করা হচ্ছে যাতে দেশের বেসামরিক পরমাণু চাহিদা মেটানো যায়। আগামী তিন বছরের মধ্যে পরমাণু স্থাপনাটির নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি জানান।
আভাজ হায়দারপুর আরো জানিয়েছেন, দেশের চিকিৎসা ও কৃষিক্ষেত্রে গবেষণার জন্য পরমাণু আইসোটোপের যে চাহিদা রয়েছে তা পূরণের জন্য এ স্থাপনাটি ভূমিকা রাখবে।
ইরানের সর্বপ্রথম বুশেহর পরমাণু বিদ্যুতকেন্দ্র গত সেপ্টেম্বর মাসে চালু হয়েছে এবং সেখান থেকে এখন জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুত সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা এক হাজার মেগাওয়াট হলেও আপাততঃ সেখান থেকে শতকরা ৪০ ভাগ বিদ্যুত উৎপাদন করা হচ্ছে।#