২০ ফেব্রুয়ারি ২০১২ - ২০:৩০

জায়নবাদী ইসরাইলী সৈন্যরা ফিলিস্তিনীদের প্রতি আগ্রাসনের ধারাবাহিকতায় গত এক সপ্তাহে ৭৪ জন ফিলিস্তিনীকে পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চল হতে গ্রেপ্তার করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইসলামি প্রতিরোধ আন্দোলন –হামাস- কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে ঘোষণা করা হয়েছে যে, জায়নবাদী ইসরাইলী সৈন্যরা গত এক সপ্তাহে ৭৪ জন ফিলিস্তিনীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন ফিলিস্তিনী ইতিপূর্বে ইসরাইলের সাথে বন্দী বিনিময়ের ঘটনায় ইসরাইলী কারাগার হতে মুক্তি পেয়েছিল।

উক্ত প্রতিবেদনে বলা হয়েছে যে, গ্রেপ্তারকৃতদের অধিকাংশ আল খালিল ও রামুল্লাহ শহরের অধিবাসী।

হামাসের ঐ প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, গত সপ্তাহে ৭ জন ফিলিস্তিনীকে গ্রেপ্তার করা হয়েছে যারা সম্প্রতি ফিলিস্তিনের স্বশাসিত সরকারের কারাগার হতে মুক্তি পেয়েছে।

এদিকে গতকাল জায়নবাদী ইসরাইলী সৈন্যরা মসজিদুল আকসায় মুসল্লিদের সাথে সংঘর্ষের সময় ১৮ জন ফিলিস্তিনীকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, গতকাল জায়নবাদী ইসরাইলী সৈন্য ও মসজিদুল আকসার ফিলিস্তিনী মুসল্লিদের মধ্যকার সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনী ও ৩ জন ইসরাইলী সৈন্য আহত হয়েছে।#