২৩ জুন ২০১২ - ১৯:৩০

মিশরের নির্বাচন কমিশন কিছুক্ষণ পূর্বে ঘোষণা করেছে যে, এদেশের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ‘মুহাম্মাদ মুরসী’।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মিশরের নির্বাচন কমিশন কিছুক্ষণ পূর্বে ‘মুহাম্মাদ মুরসী’কে এদেশের প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

নির্বাচন কমিশনের উচ্চতর পরিষদের প্রধান ফারুক সুলতান কিছুক্ষণ পূর্বে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিবৃতি পড়ে শোনান। এতে তিনি মুহাম্মাদ মুরসীকে এদেশের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষণার ভিত্তিতে ইসলামপন্থী প্রার্থী মুহাম্মাদ মুরসী সর্বমোট ২৫৫৭৫৫১১টি ভোটের মধ্য হতে ১৩২৩০১৩১টি (৫১.৭৩ শতাংশ) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী মোবারক সরকারের প্রধানমন্ত্রী ‘আহমাদ শাফিক’ পেয়েছে শতকরা ৪৮.২৭ ভোট।

এদিকে মিশরের সশস্ত্র বাহিনী’র উচ্চতর পরিষদ মুহাম্মাদ মুরসী’র সাথে এ বিষয়ে আলোচনা করেছে যে, তিনি বিজয়ের সংবাদ প্রকাশের সাথে সাথে তাহরির স্কয়ারে অবস্থানরত জনগণকে শান্ত করার লক্ষ্যে বক্তব্য রাখবেন।

বর্তমানে মিশরের সড়কসমূহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা ও সামরিক বাহিনী’র সদস্যরা বর্তমানে বিভিন্ন সড়ক ও সরকারী কার্যালয়ের সম্মুখে অবস্থান নিয়েছে। এদিকে বিদ্রোহ দমনকারী বিশেষ দাঙ্গা বাহিনীও প্রেসিডেন্ট নির্বাচন কমিশনের কার্যালয়ের সম্মুখে অবস্থান নিয়েছে। এদিকে কায়রোর জনগণ ঐতিহাসিক আল-তাহরীর স্কয়ারে সমবেত হয়ে মুরসী’র বিজয়ে আনন্দ উল্লাশ করছে।#