বার্তা সংস্থা আবনা : পাকিস্তানের শতকরা ৮২ ভাগ মানুষ পবিত্র কুরআনের শাসন চান। তারা বলেছেন, পবিত্র কুরআনকে সূক্ষ্মভাবে অনুসরণ করে রাষ্ট্রীয় আইন প্রণয়ন হওয়া উচিত।
আমেরিকার পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জনমত জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। সেই সঙ্গে দেশটির জনগণের বিরাট অংশ উগ্র ও চরমপন্থার বিরোধিতা করেছে। মাত্র ১২ ভাগ মানুষ কথিত জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রতি সমর্থন দিয়েছে বলে দাবি করেছে পিউ সেন্টার। পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে এ জরিপ চালানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের জনমতও উঠে এসেছে এ জরিপে। এতে দেখা যায় জর্দানের শতকরা ৭২ ভাগ এবং মিশরের শতকরা ৬০ ভাগ মানুষ ইসলামী আইনের পক্ষে। তিউনিশিয়া ও মিশরের জনগণের শতকতরা ৬৭ ও ৬৩ ভাগ গণতন্ত্রের পক্ষে। এ ছাড়া, লেবাননের বৃহত্তর জনসমাজ ইসলামী আইন চান এবং তারা মনে করেন দেশ শাসনের ক্ষেত্রে ইসলামের একটি কেন্দ্রীয় ভূমিকা থাকা উচিত। লেবাননে মোট জনসংখ্যার একটা বিরাট অংশ খ্রিস্টান হওয়া সত্ত্বেও এ মতামত পাওয়া গেছে।
জরিপে অংশ নেয়া এসব দেশের লোকজন সমাজ গঠনে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও বলেছেন। আর বেশিরভাগ মানুষ উগ্র ও চরমপন্থার তীব্র বিরোধিতা করেছে।#
(সূত্র : রেডিও তেহরান)