বার্তা সংস্থা আবনা : আরব লীগের মহাসচিব নাবিল আল আরাবি, তেহরানে অনুষ্ঠেয় জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। তেহরানে মিশরের স্বার্থ সংরক্ষণকারী দপ্তর আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে। খুব শিগগিরি তিনি তেহরানে পৌঁছবেন। তবে সফরের দিন-তারিখ সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।
আরব লীগের বর্তমান সভাপতি দেশ ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানিও ন্যাম সম্মেলনে অংশ নেবেন বলে ঘোষণা করেছেন। এ ছাড়া, জাতিসংঘ মহাসচিব বান কি মুন ন্যামের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। পাশ্চাত্যের গণমাধ্যমগুলো যখন ন্যামের তেহরান সম্মেলনকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, ঠিক তখনি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানরা ওই সম্মেলনে অংশ নেয়ার ঘোষণা দিলেন।
গতকাল (রোবরাব) তেহরানে ন্যামের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এরপর আগামীকাল থেকে শুরু হবে পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলন। ৩০ আগস্ট থেকে দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন শুরু হবে।
(সূত্র : রেডিও তেহরান)