আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট :
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠেয় জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম সম্মেলনে যোগ দেবেন মিশরের প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসি। মিশর প্রেসিডেন্টের দপ্তরের একটি সূত্র এ কথা জানিয়েছেন।
কোনো ধরনের উদ্বেগ ছাড়াই আন্তর্জাতিক ঘটনা প্রবাহে মিশরের প্রতিনিধিত্ব তুলে ধরার পরিকল্পনা থেকে প্রেসিডেন্ট মুরসি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ওই সূত্র জানায়।
এর আগে, গত ৮ আগস্ট ইরানের অন্যতম ভাইস প্রেসিডেন্ট হামিদ বাগেয়ী আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট মুরসিকে ন্যামের ষোড়শ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। হামিদ বাগেয়ী ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদের পক্ষ থেকে এ আমন্ত্রণ পৌঁছে দেন প্রেসিডেন্ট মুরসিকে।
তারও আগে, গত মাসে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ টেলিফোন করে প্রেসিডেন্ট মুরসিকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান।
আগামী ২৬ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ন্যাম সম্মেলনে বক্তব্য রাখবেন।
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর কায়রোর সঙ্গে তেহরানের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তবে, গত বছরের ফেব্রুয়ারি মাসে মিশরে গণ-বিপ্লবের মাধ্যমে সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের পর থেকে তেহরান ও কায়রোর মধ্যকার সম্পর্ক আবার স্বাভাবিক করার চেষ্টা চলছে।
/101