বার্তা সংস্থা আবনা : জাতিসংঘ মহাসচিব বান কি মুন জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের ষোড়শ শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। আজ (বুধবার) তেহরান সময় বিকেল ৩টায় জাতিসংঘের একটি বিশেষ বিমানে করে তিনি তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে বান কি মুনের মুখপাত্র মার্টিন নেসিরকি জানিয়েছিলেন, মিস্টার মুন তেহরান সফরে এসে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবং প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। একইসঙ্গে ইরানের একাধিক সংসদ সদস্য'র সঙ্গেও তিনি সাক্ষাত করবেন। এ ছাড়া, জাতিসংঘ মহাসচিব স্বপরিবারে ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহান সফর করবেন বলেও কথা রয়েছে।
এ ছাড়া, গত ২২ আগস্ট নেসিরকি জানিয়েছিলেন, আমেরিকা ও ইসরাইলের ঘোর বিরোধিতা সত্ত্বেও বান কি মুন তেহরানে অনুষ্ঠেয় ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একইদিন মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস মন্তব্য করে, বান তেহরান সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় আমেরিকা ও ইসরাইলের ইরান বিরোধী নীতির পরাজয় ঘটেছে।#
(সূত্র : রেডিও তেহরান)