বার্তা সংস্থা আবনা : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের নানা সমস্যার মূলে রয়েছে অন্যায় ও অবিচার। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, তার সরকার দারিদ্র্য, ক্ষুধা, বৈষম্য ও বঞ্চনার অবসান, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত এবং মানবসম্পদ উন্নয়ন ও সন্ত্রাস নির্মূলের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ও বিচার ব্যবস্থা শক্তিশালী করতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা গত দশ বছরে বাংলাদেশে ১০ শতাংশ দারিদ্র কমাতে সক্ষম হয়েছি।
বাংলাদেশের সব শিশুই এখন স্কুলগামী হয়েছে বলে জানান তিনি। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের সংসদে বর্তমানে ৬৯ জন নারী সদস্য রয়েছেন এবং সরকারি চাকুরিজীবীদের ৩০ শতাংশই নারী। গতকাল বিকেলে তেহরানে চলমান ন্যাম শীর্ষ সম্মেলনে বক্তব্য দেযার সময় শেখ হাসিনা এসব কথা বলেন। শেখ হাসিনা গতকাল ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গেও বৈঠক করেন। তাদের মধ্যে দ্বিপাক্ষিক ও আন্তর্জতিক বিষয় নিয়ে কথা হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বায়তুল মোকাদ্দাসকে রাজধানী করে একটি সার্বভৌম ও স্থিতিশীল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ন্যামের দাবির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন রয়েছে। তিনি বলেন, ইসরাইল ফিলিস্তিন জনগণের ওপর জুলুম, অবিচার, হত্যা, নির্যাতন ও অমানবিক আচরণের মতো বর্বরতা চালিয়ে যাচ্ছে। চলতি মাসে রামাল্লায় ফিলিস্তিন সংক্রান্ত ৫ সদস্যের ন্যাম কমিটির মন্ত্রী পর্যায়ের নির্ধারিত বৈঠক অনুষ্ঠানে বাধা দেয়ার জন্য ইসরাইলের নিন্দা জানিয়ে তিনি বলেন, এধরণের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লংঘন। সারা বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ও নিরাপত্তা নিশ্চিত করতে জোট নিরপেক্ষ আন্দোলনকে (ন্যাম) আরও শক্তিশালী, কার্যকর ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা ন্যামের প্রতি অভিন্ন ও পৃথক দায়দায়িত্বের নীতির ভিত্তিতে গ্রীন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস, জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজন এবং সবুজ প্রযুক্তি হস্তান্তরে জলবায়ু তহবিল গঠনের জন্য একটি বৈশ্বিক চুক্তির লক্ষ্যে একযোগে কাজ করার আহবান জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ন্যামের অবস্থানকে আমরা সমর্থন করি এবং এ সমস্যার মূলোৎপাটনে সব ধরনের সহযোগিতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।’#
(সূত্র : রেডিও তেহরান)