২ সেপ্টেম্বর ২০১২ - ০৪:৫৮

আমেরিকার নিউ অরলিন্স এবং লুইজিয়ানার আশপাশে সামুদ্রিক ঝড় হারিকেন আঘাত হানার পর এখনো ওই এলাকার পাঁচ লাখ মানুষ বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে।

বার্তা সংস্থা আবনা : আমেরিকার নিউ অরলিন্স এবং লুইজিয়ানার আশপাশে সামুদ্রিক ঝড় হারিকেন আঘাত হানার পর এখনো ওই এলাকার পাঁচ লাখ মানুষ বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে। সেই সঙ্গে বহুসংখ্যক ব্যবসা প্রতিষ্ঠানও ফিরে পায়নি বিদ্যুতের সংযোগ।

গত ২৬ আগস্ট নিউ অরলিন্স ও লুইজিয়ানায় হারিকেন আঘাত হানে। এ পর্যন্ত সেখানে পাঁচ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হারিকেন আইজাক থামার পর সেখানে চলছে এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ; আর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ঝড়ের তাণ্ডব। ধারণা করা হচ্ছে- হারিকেনের আঘাতে দু'শ' কোটি ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, বহু এলাকা কয়েক ফুট পানির নিচে তলিয়ে আছে। এতে সন্দেহ করা হচ্ছে-মৌসুমের প্রথম ঝড়ে ওই এলাকার বহু অধিবাসী তাদের সর্বস্ব হারাতে বসেছে।

লুইজিয়ানায় হারিকেন আঘাত হানার পর সেখানকার তিন-চতুর্থাংশ মানুষ এখন অন্ধকারে রয়েছে।

মেক্সিকো উপকূল দিয়ে আঘাত হানার আগে হারিকেন আইজাক হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে ভয়াবহ আঘাত হানে এবং এ দু'টি দেশে ২৪ জন নিহত হয়েছে।

এর আগে, ২০০৫ সালের আগস্ট মাসে লুইজিয়ানায় হারিকেন ক্যাটরিনার আঘাতে এক হাজার আটশ' মানুষ নিহত হয়েছিল। সে ঘটনায় সাবেক বুশ প্রশাসন ব্যাপক সমালোচনা ও ক্ষোভের মুখে পড়ে।#

(রেডিও তেহরান)