২ সেপ্টেম্বর ২০১২ - ০৫:০২

চীন এবং রাশিয়া আবারো বলেছে, একমাত্র রাজনৈতিক সংলাপের মাধ্যমে সিরিয়া সমস্যার সমাধান হতে পারে।

বার্তা সংস্থা আবনা : চীন এবং রাশিয়া আবারো বলেছে, একমাত্র রাজনৈতিক সংলাপের মাধ্যমে সিরিয়া সমস্যার সমাধান হতে পারে। দেশ দু’টি সিরিয়ায় পশ্চিমা সামরিক আগ্রাসন পরিকল্পনার বিরোধিতা করে বলেছে- আলোচনাই হচ্ছে চলমান সমস্যা সমাধানের সহজ পথ।

জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইচি এক টেলিফোন সংলাপে বলেছেন, বিশ্ব সম্প্রদায়কে সিরিয়া ইস্যুর রাজনৈতিক সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া সঙ্কট সমাধানে সহায়তা করতে বেইজিং সবসময় প্রস্তুত।

চীনের এ শীর্ষ কুটনিতিক জোর দিয়ে বলেন, তার দেশ সিরিয়ার মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন। সিরিয়া সমস্যা সমাধানে ব্রাহিমি কার্যকর ভূমিকা রাখবেন বেইজিং এমনটাই আশা করে বলে উল্লেখ করেন ইয়াং জেইচি।

টেলিফোন সংলাপে লাখদার ব্রাহিমী বলেন, সিরিয়া সমস্যা সমাধানে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। 

অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুদ্ধকবলিত অঞ্চল থেকে সিরিয়া সেনা সরিয়ে নেবে না বলে ঘোষণা দিয়েছেন। আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, সঙ্কট সমাধানের এটাই 'সহজ পথ'। তবে, বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলাকালীন সিরিয় সেনা প্রত্যাহার করে নেয়ার প্রস্তাব কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে জানান তিনি।#

(রেডিও তেহরান)