বার্তা সংস্থা আবনা : ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর ইসরাইল এককভাবে হামলা চালালে আমেরিকা তাতে সমর্থন দেবে না বলে তেহরানকে এক গোপন বার্তায় জানিয়েছে আমেরিকা। ইহুদিবাদী ইসরাইল যখন ইরানের বিরুদ্ধে ঘন ঘন যুদ্ধের হুমকি দিচ্ছে তখন এ বার্তা পাঠালো ওয়াশিংটন। ইসরাইলের শীর্ষস্থানীয় দৈনিক ইয়েদিওত আহরোনোত (Yediot Ahronot ) এ গোপন তথ্য ফাঁস করে দিয়েছে।
খবরে আরো বলা হয়েছে, কয়েকদিন আগে ইউরোপের দু'টি সরকারের মাধ্যমে এ গোপন বার্তা ইরানের কাছে পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। এতে বলা হয়েছে, ইসরাইল যদি ওয়াশিংটনের সঙ্গে কোনো সমন্বয় ছাড়া ইরানের বিরুদ্ধে হামলা চালায় তবে আমেরিকা তাতে সমর্থন দেবে না।
পারস্য উপসাগরে বেশ কয়েকটি মার্কিন বিমানবাহী জাহাজসহ অনেক সেনা ঘাঁটি রয়েছে। এসব মার্কিন স্থাপনায় ইরানের সম্ভাব্য পাল্টা হামলার বিষয়টি মাথায় রাখতে হচ্ছে আমেরিকাকে। মার্কিন প্রশাসনের সর্বসাম্প্রতিক এ অবস্থানের কারণে ওয়াশিংটন ও তেলআবিবের মধ্যে টানাপড়েন আরো বাড়বে বলে আভাস দিয়েছেন ইসরাইলের রাজনৈতিক নেতারা।
ইরানের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্প নিয়ে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা বহুদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে আসছে। এ দুই দেশ বলছে, ইরান সামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। কিন্তু, ইরান বারবার বলছে, বিদ্যুত উতপাদনসহ অন্যান্য শান্তিপূর্ণ কাজে দেশটি পরমাণু ততপরতা চালাচ্ছে।
তেহরান পাল্টা হুমকি দিয়ে এ কথাও বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কেউ সামরিক হামলার মতো ভুল করলে তার তাতক্ষণিক ও কঠিন জবাব দেয়া হবে। গতকাল ইরানের একজন সেনা কমান্ডার বলেছেন, ইরান আক্রান্ত হলে ইসরাইলের শীর্ষস্থানীয় কর্মকর্তারা তেহরানের পাল্টা হামলার প্রথম শিকার হবেন। তেহরান আরো বলেছে, ইরানের ওপর হামলা হলে সে যুদ্ধ আঞ্চলিক সীমানা পেরিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়বে।#
(সূত্র : রেডিও তেহরান)