বার্তা সংস্থা আবনা : তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ইসলামী ইরানে হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্যে ‘মহাপ্রলয়’ ঘটবে।
তিনি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাতকারে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরাইল সর্বাত্মক হামলা চালাতে পারে কিনা- এমন প্রশ্নের জবাবে এরদোগান বলেন, “ইসরাইল ইরানে হামলা করবে বলে আমি বিশ্বাস করি না। এ ধরনের আশঙ্কা খুবই ক্ষীণ। কারণ তেমন কিছু ঘটলে গোটা অঞ্চলে এক মহাধ্বংসযজ্ঞ শুরু হবে।”
তুর্কি প্রধানমন্ত্রী আরো বলেন, “মধ্যপ্রাচ্যে এ ধরনের কিছু ঘটুক তা আমরা অবশ্যই চাই না। কারণ, চলমান সময়ে আমাদের এ অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা দরকার।”
বহুদিন ধরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার নিয়মিত হুমকি দিয়ে আসছে ইসরাইল। তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে তেলআবিব অভিযোগ করে এলেও ইরান বলছে, সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে তার পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে। তবে, ইসরাইলের যে কোনো হামলার ধ্বংসাত্মক জবাব দেয়া হবে বলে বার বার ঘোষণা করেছে ইরান।
ইরানের পাল্টা হামলায় ইহুদিবাদী দেশটির অস্তিত্ব মুছে যেতে পারে বলেও ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে আসছেন। এমনকি মার্কিন সরকারসহ ইসরাইলের অনেক মিত্রও ইরানের হামলার ভয়াবহ পরিণতি সম্পর্কে তেলআবিবকে প্রায়ই সতর্ক করে দিচ্ছে।#
(সূত্র : রেডিও তেহরান)