১২ সেপ্টেম্বর ২০১২ - ১৯:৩০

হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় যুক্তরাষ্ট্রে ফিল্ম নির্মাণের নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ। এছাড়া এদেশের বিভিন্ন সংস্থা ও ছাত্ররাও অবমাননাকর এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : যুক্তরাষ্ট্রে ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কর্তৃক যুক্তরাষ্ট্রে বসবাসরত মিশরীয় কিবতীদের ও গতবছর পবিত্র কুরআনে অগ্নিসংযোগকারী মার্কিন পাদ্রী টেরী জোনসের সহযোগিতায় হযরত মুহাম্মাদ (স.) ও মুসলমানদের অবমাননায় স্বল্পদৈর্ঘ্য এ ফিল্ম নির্মিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইরানও এর তীব্র নিন্দা জানিয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদী নেজাদ, স্পীকার ড. আলী লারীজানী মহানবী (স.) এর প্রতি অবমাননার নিন্দা জানিয়েছেন। এছাড়া ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রামিন মেহমানপারাস্ত এ পদক্ষেপকে একটি ঘৃন্য কর্ম আখ্যায়িত করে বলেছেন : ইসলামি প্রজাতন্ত্র ইরান, ইসলামি নিদর্শনসমূহের প্রতি অবমাননার তীব্র নিন্দা জানিয়ে উম্মতে মুসলিমীনের উপর আরোপীত এ মুসিবতে সকল মুসলমানদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

ইরানের রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও বিশিষ্ট মারজায়ে তাক্বলীদগণ; আয়াতুল্লাহ আল-উজমা নাসের মাকারেম শিরাজী, আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানী, আয়াতুল্লাহ আল-উজমা নূরী হামেদানী ও আয়াতুল্লাহ আল-উজমা আলাভি গোরগানী পৃথক পৃথক বিবৃতি প্রদান পূর্বক ন্যাক্কারজনক এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।

এদিকে ইরানি ছাত্ররা তেহরানে অবস্থিত সুইস দূতাবাসের সম্মুখে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন এবং যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করেছে। এ সময় ইরানের বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের পক্ষ হতে বিবৃতি প্রদান করা হয়।#