বার্তা সংস্থা আবনা : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ১৮ সেপ্টেম্বর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাক্ষাত দেয়ার বদলে একটি কমেডি শো'তে অংশ নেবেন। চলতি মাসের ১৮ তারিখে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্ক সফর করবেন বলে কথা রয়েছে। ইসরাইলি সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
ডেভিড লেটারম্যান পরিচালিত গভীর রাতের এ কমেডি শো'তে ওবামার অংশ নেয়ার খবর এমন সময় প্রচারিত হলো যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেল আবিবের সঙ্গে ওয়াশিংটনের মারাত্মক টানাপড়েন চলছে।
এ বিষয়ে বিতর্ক এড়ানোর চেষ্টায় মার্কিন সূত্র থেকে বলা হয়েছে, ওবামা নিউ ইয়র্কে একরাতও থাকবেন না তাই সেখানে কোনো বিদেশি নেতার সঙ্গে তিনি সাক্ষাত করবেন না।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নেতানিয়াহু তেহরানের জন্য 'রেড লাইন' ঘোষণার দাবি জানিয়েছিলেন আমেরিকার কাছে। কিন্তু, আমেরিকা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, এ ধরনের রেড লাইন ঘোষণা করলে মার্কিন জাতির সামনে নতুন যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি আসবে। এ ধরনের রেড লাইন বা কোনো ধরনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে ইচ্ছুক নয় বলেও মার্কিন প্রশাসন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেয়া উপলক্ষে আমেরিকা সফর করবেন নেতানিয়াহু। সে সময় প্রেসিডেন্ট ওবামার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন নেতানিয়াহু; কিন্তু তাকে সাক্ষাতের সময় দিতে হোয়াইট হাউজ অস্বীকার করেছে।
অবশ্য, ওবামা ও নেতানিয়াহুর মধ্যে সাক্ষাত হবে না বলে নিশ্চিত করে পরে হোয়াইট বলেছে, ইসরাইলের পক্ষ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়নি।#
(সূত্র : রেডিও তেহরান)