১৮ সেপ্টেম্বর ২০১২ - ১৬:১১

ইরানের নৌবহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো সাবমেরিন তারেক-৯০১ এবং সাহান্দ ডেস্ট্রয়ার।

বার্তা সংস্থা আবনা : ইরানের নৌবহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো সাবমেরিন তারেক-৯০১ এবং সাহান্দ ডেস্ট্রয়ার। দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের নৌ বন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো সাগরে নামানো হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির নির্দেশে ওই সাবমেরিন ও ডেস্ট্রয়ার চালু করা হয়েছে।

ইরানের বিশেষজ্ঞরা তারেক-৯০১ সাবমেরিনের মেরামতের কাজ সফলভাবে সম্পন্ন করেছে বলে গত মে মাসে নৌ কমান্ডার হাবিবুল্লাহ সাইয়ারি জানিয়েছিলেন। ইরান অনেক আগে তারেক-৯০১ সাবমেরিনটি বিদেশ থেকে কিনেছে। সাবমেরিনটিতে মেরামতের প্রয়োজন দেখা দেয়ার পর বিক্রেতা দেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পায়নি ইরান। এ কারণে দেশটির বিশেষজ্ঞরা নিজেরাই তা মেরামতের উদ্যোগ নেন এবং তারা সফলভাবে তা সম্পন্ন করেছেন। অ্যান্টি-রাডার সিস্টেম, টেলিকমিউনিকেশন ব্যবস্থা ও উইংসহ জটিল সব কারিগরি দিক সুনিপুণভাবে মেরামত করা হয়েছে।

বিশ্বের মাত্র কয়েকটি দেশ এ ধরনের সাবমেরিন মেরামতের সক্ষমতা রাখে বলে সাইয়ারি জানিয়েছেন। এ ছাড়া, সাহান্দ ডেস্ট্রয়ারটি ইরানের বিশেষজ্ঞরা নিজেরা তৈরি করেছেন।

১৯৭৯ সালে বিপ্লব বিজয়ের পর থেকেই ইরান সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পরিকল্পনা গ্রহণ করে এবং তার ভিত্তিতেই কাজ চলছে। ২০১০ সালের ফেব্রুয়ারিতে সর্বপ্রথম ইরানের তৈরি জামারান ডেস্ট্রয়ার পারস্য উপসাগরে তৎপরতা শুরু করে। গত ১৮ অক্টোবর ওই যুদ্ধ জাহাজ তার প্রথম আন্তর্জাতিক মিশন সম্পন্ন করেছে।# 

(সূত্র : রেডিও তেহরান)