২০ সেপ্টেম্বর ২০১২ - ০৫:১০

ইসলাম ও মহানবী (স.)-কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্রের নির্মাতা নাকুলা বাসিলে নাকুলার পরিবারের লোকজন পালিয়েছে।

বার্তা সংস্থা আবনা : ইসলাম ও মহানবী (স.)-কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্রের নির্মাতা নাকুলা বাসিলে নাকুলার পরিবারের লোকজন পালিয়েছে।

ইসলাম-বিরোধী চলচ্চিত্র তৈরির পর বিশ্বব্যাপী মুসলমানরা ফুঁসে ওঠায় স্বঘোষিত কপ্টিক খ্রিস্টান বাসিলে ও তার স্বজনরা আত্মগোপন করলো। মার্কিন এবিসি নিউজ ও ব্রিটেনের 'লন্ডন ফ্রি প্রেস'-সহ বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে- সোমবার ভোরে বাসিলের পরিবারের লোকজন গোপন স্থানে তার বাসিলের কাছে চলে গেছে। আর এ কাজে সহযোগিতা করেছে লসঅ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তরের লোকজন। সোমবার ভোর চারটার পরপরই বাসিলের পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে যায় এবং শেরিফের কার্যালয়ের নিরাপত্তারক্ষীরা তাদেরকে এস্কর্ট করে পুলিশের গাড়িতে করে নিয়ে যায় যাতে তারা নিরাপদে গোপন স্থানে বাসিলের কাছে যেতে পারে। এ সময় বাসিলের পরিবারের লোকজনের সবার মুখ ঢাকা ছিল।

এর আগে, শুক্রবার মার্কিন ফেডারেল প্রবেশন কর্মকর্তারা বাসিলেকে এ চলচ্চিত্র নির্মাণের বিষয়ে তার ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারপর থেকে বাসিলে নিজ বাসায় ফেরেনি। অবশ্য, সে সময় প্রাথমিক খবরে বলা হয়েছিল মার্কিন ফেডারেল কর্মকর্তারা বাসিলের আর্থিক অনিয়ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন।

বাসিলের পরিবারের লোকজনের পালিয়ে যাওয়া সম্পর্কে শেরিফের দপ্তরের মুখপাত্র স্টিভ হুইটমোর বলেন, তারা বর্তমানে কোথায় অবস্থান করছে তার জানা নেই। স্বজনদের নিয়ে ক্যালিফোর্নিয়ার বাড়িতে বাসিলের আর ফেরার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেন হুইটমোর।

বাসিলে নিজে স্বীকার করেছে যে, সে মহানবী (স.)-কে নিয়ে অত্যন্ত ন্যাক্কারজনক ও অরুচিকর চলচ্চিত্র "ইনোসেন্স অব মুসলিম" তৈরি করেছে এবং এ জঘন্য কাজের জন্য সে দুঃখিত নয়।#

(সূত্র : রেডিও তেহরান)