বার্তা সংস্থা আবনা : আমেরিকার সাহায্য ছাড়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরাইলি সামরিক হামলাকে ইহুদিবাদী ইসরাইলের মাত্র ১৮ শতাংশ মানুষ সমর্থন করে। নতুন এক মতামত জরিপের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইসরাইলের দৈনিক হারেতজ পত্রিকা।
গতকাল (বৃহস্পতিবার) এ জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। ছয়শ' ইসরাইলিসহ অধিকৃত ফিলিস্তিনের এক হাজার ২৭০ ফিলিস্তিনি এ জরিপে অংশ নিয়েছেন।
জরিপে অংশ নেয়া লোকজনের ৬৫ শতাংশ বলেছেন, আমেরিকার সমর্থন ছাড়া ইরানে হামলা চালানো তেল আবিবের উচিত হবে না। গত জুন মাস থেকে এমন মনোভাব পোষণকারীর সংখ্যা বেড়েছে এবং সে সময় এ ধরনের মনোভাব পোষণ করতেন ৫২ শতাংশ ইসরাইলি।
আমেরিকা, ইসরাইল এবং তাদের পশ্চিমা কয়েকটি মিত্রদেশ ইরানকে পরমাণু কর্মসূচির জন্য অভিযুক্ত করছে। তারা বহুদিন ধরে ইরানের ওপর সামরিক আগ্রাসন চালানোরও হুমকি দিচ্ছে। এসব দেশ বলছে, তেহরান সামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে কিন্তু ইরান সবসময় এ অভিযোগ নাকচ করে এসেছে। শত্রুদের সামরিক হামলার হুমকির বিরুদ্ধে তেহরান পরিষ্কার ভাষায় বলেছে, কোনো ধরনের হামলা হলে তার তাতক্ষণিক ও কঠোর জবাব দেয়া হবে। এ হামলা থেকে মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিও বাদ যাবে না।#
(সূত্র : রেডিও তেহরান)