৩০ সেপ্টেম্বর ২০১২ - ২০:৩০

মার্কিন শীর্ষস্থানীয় সিনেটর রিচার্ড লুগার আমেরিকা ও ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, "ইরানের পরমাণু স্থাপনায় হামলা হলে দোজখে যেতে হবে এবং যুদ্ধাভিযানের খায়েশ মিটে যাবে।"

বার্তা সংস্থা আবনা : মার্কিন শীর্ষস্থানীয় সিনেটর রিচার্ড লুগার আমেরিকা ও ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, "ইরানের পরমাণু স্থাপনায় হামলা হলে দোজখে যেতে হবে এবং যুদ্ধাভিযানের খায়েশ মিটে যাবে।"

ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে লুগার বলেন, "আমরা সত্যিই দোজখে যাওয়ার ব্যবস্থা করছি। হামলা হলে ইরান পাল্টা জবাব দেবে এবং ইসরাইলি জনগণের জন্য তার পরিণতি হবে ভয়াবহ।"

ইরানের পরমাণু সাফল্যের কথা উল্লেখ করে আমেরিকার এ শীর্ষ পর্যায়ের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ বলেন, অনেকেই ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের জন্য এখনই দেশটির ওপর হামলা চালাতে চাইছে কিন্তু ইসরাইলের অভ্যন্তরেই নেতানিয়াহুর এ চিন্তা নিয়ে মারাত্মক বিতর্ক রয়েছে।

সম্প্রতি, ইহুদিবাদী ইসরাইল ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলার জন্য বাগাড়ম্বর বাড়িয়ে দিয়েছে। কিন্তু, মার্কিন কর্মকর্তারা নেতানিয়াহুর এ বাগাড়ম্বরকে ভালো চোখে দেখছেন না। এ নিয়ে তেল আবিব-ওয়াশিংটন সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে বলে শোনা যাচ্ছে।

এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত ২৩ সেপ্টেম্বর বলেছেন, ইসরাইলের এ চাপ সৃষ্টিকে তিনি নিতান্তই হৈচৈ বলে গণ্য করছেন। মার্কিন প্রশাসন বলছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে এখনো সময় ও সুযোগ রয়েছে।#

রেডিও তেহরান