২ অক্টোবর ২০১২ - ২০:৩০

ইরানের সামরিক বাহিনীর চিফস অব স্টাফের ডেপুটি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা শুরুর মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইল খুব দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাবে।

বার্তা সংস্থা আবনা : ইরানের সামরিক বাহিনীর চিফস অব স্টাফের ডেপুটি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা শুরুর মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইল খুব দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাবে।

তিনি বলেন, আল-কুদস দখলকারী ইসরাইল ইরানের বিরুদ্ধে শুধু সামরিক অভিযান চালাতেই অক্ষম নয় তারা এটাও জানে যে, হামলা শুরু করলে অবৈধ এ রাষ্ট্র খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে।

জেনারেল জাযায়েরি বলেন, মার্কিন মদদপুষ্ট এ রাষ্ট্রটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তিনি বলেন, ইরান কখনই যুদ্ধ শুরু করবে না কিন্তু যে কেউ আগ্রাসন চালালে ইরানের পক্ষ থেকে কঠিন ও দাঁতভাঙা জবাব পাবে।

সাম্প্রতিক দিনগুলোতে ইহুদিবাদী ইসরাইল বার বার তেহরানের পরমাণু প্রকল্পে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। তবে, তেহরান এ ধরনের হুমকির জবাবে বলে আসছে- হামলা হলে ইসরাইলের অস্তিত্ব মুছে যাবে।

রেডিও তেহরান