বার্তা সংস্থা আবনা : সীমান্তের বাইরে সামরিক অভিযানের অনুমতি দিয়েছে তুরস্কের জাতীয় সংসদ। সিরিয়া থেকে ছোঁড়া মর্টারের গোলায় তুরস্কের পাঁচ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর আঙ্কারা এ পদক্ষেপ নিল।
'যখন অপরিহার্য হয়ে পড়বে' -এমন অপশন রেখে আজ (বৃহস্পতিবার) তুর্কি সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। সাড়ে পাঁচশ' আসনের সংসদে প্রস্তাবটির পক্ষে পড়ে ৩২০ ভোট। আগামী এক বছর এ অনুমোদন কার্যকর থাকবে। প্রস্তাবের বিপক্ষে কিংবা ভোট দেয়া থেকে বিরত ছিলেন ২৩০ জন সংসদ সদস্য।
প্রস্তাবটি পাসের পর তুরস্কের উপ প্রধানমন্ত্রী বশির আতালয় দাবি করেন, এটা কোনো যুদ্ধ ঘোষণা নয় তবে, ভবিষ্যতে প্রয়োজন হলে তুরস্ক সরকার এ ম্যান্ডেট কাজে লাগাতে পারবে।
বশির আরো জানান, সিরিয়া সরকার এরইমধ্যে গতকালের মর্টার হামলা ও হতাহতের দায়িত্ব স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে।
গতকাল সিরিয়া থেকে একটি মর্টারের গোলা তুরস্কের অভ্যন্তরে পড়ে এবং এতে অন্তত পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়। এর জবাবে তুরস্ক সিরিয়ার কয়েকটি সেনা অবস্থানে গোলাবর্ষণ করে এবং জাতীয় সংসদে সামরিক অভিযান চালানোর প্রস্তাব অনুমোদন দেয়।
রেডিও তেহরান