বার্তা সংস্থা আবনা : ইরানের জ্বালানি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মাসুদ মিরকাজেমি বলেছেন, তার দেশ আগামী দেড়শ' বছর ধরে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রাখতে পারবে। আজ (মঙ্গলবার) তিনি এ কথা বলেন।
মিরকাজেমি আরো বলেছেন, 'জ্বালানি তেলের রিজার্ভ এবং উত্তোলন ক্ষমতার দিক থেকে একমাত্র ইরানই বিশ্বে বিশেষ অবস্থানে রয়েছে। বর্তমানে ইরানের তেল উত্তোলনের ক্ষমতা দৈনিক ৪০ লাখ ব্যারেল। আর তেলের মজুদ ছাড়িয়ে গেছে ৫শ’ কোটি ব্যারেল। এই অবস্থায় শুধুমাত্র আমরাই গোটা বিশ্বকে ১৫০ বছর ধরে তেল সরবরাহ করার দাবি করতে পারি’।'
তিনি বলেন, ‘সৌদি আরবের বর্তমান মজুদ ইরানের চেয়েও বেশি। কিন্তু সৌদি আরব দৈনিক এক কোটি ব্যারেলেরও বেশি তেল উত্তোলন করছে। সৌদি আরবের সঙ্গে ইরানের পার্থক্যটা এখানেই। রাশিয়াতেও অনেক তেল মজুদ রয়েছে,তবে তারা উত্তোলন করছে বেশি পরিমাণে। এ কারণে তারা বেশি দিন তেল সরবরাহ করতে পারবে না’।
২০২০ সালে বিশ্বে জ্বালানি তেলের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে এবং চাহিদা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তেহরান রেডিও