১৪ অক্টোবর ২০১২ - ১৮:০৫

লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ'র ড্রোন ইসরাইলের গোপন সামরিক ঘাঁটিগুলোর ছবি তুলেছে এবং ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হওয়ার আগেই প্রতি মুহুর্তে সেসব তথ্য হিজবুল্লাহর নিয়ন্ত্রণ কক্ষে পাঠিয়ে দিয়েছে।

বার্তা সংস্থা আবনা : লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ'র ড্রোন ইসরাইলের গোপন সামরিক ঘাঁটিগুলোর ছবি তুলেছে এবং ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হওয়ার আগেই প্রতি মুহুর্তে সেসব তথ্য হিজবুল্লাহর নিয়ন্ত্রণ কক্ষে পাঠিয়ে দিয়েছে। এ কারণে ইসরাইলের গোপন বিমান ঘাঁটিগুলোসহ বিভিন্ন সামরিক স্থাপনার তথ্য এখন হিজবুল্লাহর হাতে রয়েছে বলে ব্রিটিশ দৈনিক সানডে টাইমস খবর দিয়েছে।

দৈনিকটি জানিয়েছে, ইসরাইলি জঙ্গী বিমান এফ-সিক্সটিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হওয়ার আগে হিজবুল্লাহর পাইলট বিহীন বিমান বা ড্রোন তিন ঘন্টা ধরে ইসরাইলের আকাশে উড়েছে এবং মনে করা হচ্ছে, ড্রোনটি ইসরাইলের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র, প্রধান প্রধান বিমান ঘাঁটি এবং দিমুনা পরমাণু কেন্দ্রের ছবি তুলে তা নিয়ন্ত্রণ কেন্দ্রে সরবরাহ করেছে।

গত সপ্তায় ড্রোনটি যখন ইসরাইলের আকাশে উড়ছিল ঠিক তখনি ইসরাইল-মার্কিন সর্ববৃহত যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি চলছিল। মনে করা হচ্ছে, ড্রোনটি ওই মহড়ার প্রস্তুতিকালীন ততপরতারও ছবি তুলতে সক্ষম হয়েছে।ইসরাইলি জঙ্গী বিমানের ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রটি ড্রোনে আঘাত হানতে ব্যর্থ হয় বলেও পত্রিকাটির প্রতিবেদনে স্বীকার করা হয়েছে।

হিজবুল্লাহর ড্রোনটি কিভাবে রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরাইলের গভীরে ঢুকে ঘন্টার পর ঘন্টা আকাশে উড়েছে, সে বিষয়ে একটি সচিত্র প্রতিবেদন সম্প্রচার করেছে লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মানার।হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন,ইসরাইলে ভূপাতিত ড্রোনটি ছিল হিজবুল্লাহর।

‘হোসাইন আইয়ুব’ নামের বিশেষ অভিযানে পাঠানো ওই ড্রোন ইসরাইলের দিমুনা পরমাণু স্থাপনার প্রায় দশ কিলোমিটার এলাকার কাছাকাছি পর্যন্ত পৌঁছুতে সক্ষম হয়। হোসাইন আইয়ুব ছিলেন হিজবুল্লাহর শহীদ মুজাহিদ। তিনিই প্রথম হিজবুল্লাহর জন্য ড্রোন জাতীয় অস্ত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। ইসরাইলে পাঠানো হিজবুল্লাহ’র ড্রোনটির নামও ছিল ‘আইয়ুব’।

পশ্চিম লেবানন থেকে যাত্রা শুরু করে ‘আইয়ুব’ ভূমধ্য সাগরের ওপর দিয়ে ইসরাইলে প্রবেশ করে। সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় এটি ইসরাইলের তিনটি যুদ্ধ জাহাজও অতিক্রম করেছিল। এরপর ড্রোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া রাডার স্থাপনা ও ইসরাইলের নিজস্ব রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অধিকৃত ফিলিস্তিনের বেশ গভীরে ঢুকে পড়ে। গাজা ভূখণ্ড হয়ে দক্ষিণ ইসরাইলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ও অঞ্চল অতিক্রম করে ড্রোনটি ইসরাইলের পূর্বাঞ্চলে দিমুনা পরমাণু স্থাপনার দশ কিলোমিটারের মধ্যে চলে আসে। এ সময় ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয় ওই ড্রোন। তেহরান রেডিও