বার্তা সংস্থা আবনা : সিরিয়ার রাজধানী দামেস্কে সেদেশের বিমান বাহিনীর একজন পদস্থ কর্মকর্তাকে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। দেশের বিভিন্ন স্থানে যখন সরকারি বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ চলছে তখন ওই সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো।
দামেস্কের উত্তর অংশে অবস্থিত রুক্ন আদ-দিন এলাকায় সোমবার সন্ধ্যায় জেনারেল আব্দুল্লাহ মাহমুদ আল-খালিদি নিহত হন বলে মঙ্গলবার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন জানায়।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দুর্বৃত্তরা সিরিয়ার শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের হত্যার যে পরিকল্পনা নিয়েছে তার অংশ হিসেবে জেনারেল খালিদিকে হত্যা করা হয়েছে।
এদিকে সিরিয়ার আলেপ্পো শহরের ইজাজ এলাকায় মঙ্গলবার দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে চুরি করা সম্পদ ভাগ-বাটোয়ারা নিয়ে মতপার্থক্যের এক পর্যায়ে ওই সংঘর্ষ বেঁধে যায়।
এ ছাড়া, হামা, দেইর আয-যৌর ও দামেস্কের বিভিন্ন এলাকায় সিরিয়ার সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। সেদেশের সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের কাছে সালাহউদ্দিন ও আলখাযান এলাকায় সরকারি নিরাপত্তা বাহিনীর হামলায় বহু বিদ্রোহী নিহত হয়েছে। সরকারি বাহিনীর সদস্যরা দামেস্কের উপকণ্ঠে হারাস্তা এলাকায় বেশ কয়েকটি বোমা নিস্ক্রিয় করেছেন।#
রেডিও তেহরান