বার্তা সংস্থা আবনা : সিরিয়ার উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক চেকপোস্টে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় ২৮ জন সরকারি সৈন্য নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমে অবস্থিত ইদলিব প্রদেশের সারাকিব শহরের কাছে আজ (বৃহস্পতিবার) এ হামলা চালানো হয়। রাজধানী দামেস্ক থেকে বিদ্রোহী অধ্যুষিত শহর আলেপ্পো যাওয়ার পথে অবস্থিত শহরটির তিনটি সামরিক চেকপোস্টে এ হামলা চালায় বিদ্রোহীরা।
এ সময় সেনাবাহিনীর পাল্টা হামলায় পাঁচ সন্ত্রাসীও নিহত হয়েছে। এ ব্যাপারে ইন্টারনেটে প্রকাশিত এক ভিডিও'তে দেখা গেছে, দুর্বৃত্তরা ১০ জন সৈন্যকে মারধরের পর লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করছে।
এদিকে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের একটি এলাকায় আজ এক বোমা বিস্ফোরণে বেশ কয়েক ব্যক্তি হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সিরিয়ায় প্রায় দেড় বছর ধরে সহিংসতা চলছে। দেশটির সরকার এ সহিংসতার জন্য বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের দায়ী করছে। দামেস্ক বলছে, কাতার, তুরস্ক, সৌদি আরব ও আমেরিকা সেদেশের বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে।# রেডিও তেহরান