১৫ নভেম্বর ২০১২ - ২০:৩০

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় আজ আরো সাত ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

বার্তা সংস্থা আবনা : গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় আজ আরো সাত ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ নিয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার কমান্ডার আহমেদ আজ-জাবারিসহ ১৭ ফিলিস্তিনি শহীদ হলেন।

গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলি বিমান হামলায় গাজার দক্ষিণে খান ইউনুসে তিন জন এবং উত্তরের উপকূলীয় এলাকায় দুই ফিলিস্তিনি শহীদ হন।  ইহুদিবাদি সেনারা ফিলিস্তিনি পার্লামেন্ট ভবনের কাছেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে রাতে খান ইউনুস, বেইত লাহিয়া ও রাফাহসহ গাজার অন্তত ২০টি স্থানে ইসরাইলী জঙ্গীবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এসব হামলায় ২ শিশুসহ ১০ ফিলিস্তিনি শহীদ ও অন্তত ১০০ জন আহত হয়েছে।

এদিকে,  ইসলামী প্রজাতন্ত্র ইরান, সিরিয়া ও মিশর ইহুদিবাদি ইসরাইলের এ বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমিন মেহমানপারাস্ত বলেছেন, আন্তর্জাতিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোর নীরবতার কারণেই ইহুদিবাদি ইসরাইল একের পর এক মানবতার বিরুদ্ধে অপরাধয চালিয়ে যাচ্ছে।

মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি গাজায় ইসরাইলী হামলার নিন্দা জানিয়েছেন এবং তেলআবিবে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।  

সিরিয়া গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ কামনা করেছে।# রেডিও তেহরান