বার্তা সংস্থা আবনা : মিশরের প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি গাজা উপত্যকায় ইসরাইলি উপর্যপুরি হামলাকে মানবতার বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন বলে মন্তব্য করেছেন। মিশরের সরকারি বার্তা সংস্থা মেনা এ খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট মুরসি বলেছেন, "মিশর গাজাকে একা ফেলে রাখবে না। সেখানে যে হামলা চলছে তা মানবতার বিরুদ্ধে ভয়াবহ হামলা।" মুরসি কায়রোর একটি মসজিদে জুমার নামাজে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, "আমি তাদেরকে (ইসরাইলকে) বলেছি, আজকের মিশরের সঙ্গে গতকালের মিশরের পার্থক্য আছে এবং গতকালের আরব বিশ্বের সঙ্গেও আজকের আরব বিশ্বের কোনো মিল নেই।"
ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজায় ইসরাইলি হামলার ব্যাপারে মিশরের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি আজ মিশরের প্রেসিডেন্টকে টেলিফোন করে তার সমর্থনের কথা জানান। প্রেসিডেন্ট মুরসির নির্দেশে মিশরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল গাজা উপত্যকা সফর করার পর পুতিন মুরসিকে টেলিফোন করেন।#রেডিও তেহরান