৪ ডিসেম্বর ২০১২ - ০৫:১৫

ইরানের নানা ধরনের গুরুত্বপূর্ণ ওষুধ মার্কিন নাগরিকদের জীবন বাঁচানোর কাজে ব্যবহৃত হচ্ছে।

বার্তা সংস্থা আবনা : ইরানের নানা ধরনের গুরুত্বপূর্ণ ওষুধ মার্কিন নাগরিকদের জীবন বাঁচানোর কাজে ব্যবহৃত হচ্ছে। এর বিপরীতে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার কারণে ইরানের বহু নাগরিক গুরুত্বপূর্ণ ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিটের ওয়েবসাইটে বলা হয়েছে- আফগানিস্তানে মোতায়েন সেনাদের নানা চিকিতসা ও বিষধর সাপের কামড় থেকে বাঁচানোর জন্য পেন্টাগনের প্রয়োজন- ইরানে তৈরি ওষুধ। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিটে জার্নালের ওয়েবসাইটে বলা হয়েছে-ইরানের রাজি ভ্যাকসিন অ্যান্ড সেরাম রিসার্চ ইনস্টিটিউটের ওষুধ এন্টিভেনিন থেরাপির জন্য তাদের প্রথম পছন্দ।

এ সম্পর্কে মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল রব রাসেল বলেন, "আফগানিস্তানে মোতায়েন সেনাদেরকে বিষধর সাপের কামড় থেকে বাঁচানোর জন্য মার্কিন খাদ্য ‌এবং ওষুধ প্রশাসন বা এফডিএ'র তৈরি ওষুধ কার্যকরী নয়।"

মার্কিন অবৈধ নিষেধাজ্ঞায় যখন ইরানের বহু অসুস্থ নাগরিকের জীবন অচল হয়ে পড়ার উপক্রম তখন মার্কিন সেনা সদর দপ্তর ইরানের ওষুধ ব্যবহারের বিষয়ে দেশটির সরকারকে পরামর্শ দিচ্ছে।

মার্কিন সরকার সরাসরি কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি কিন্তু তেহরানের কাছে ওষুধ রপ্তানী করতে গেলে বিশেষ লাইসেন্সের দরকার হয়। এ ছাড়া, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষধাজ্ঞা আরোপের কারণে অর্থ লেনদেনে বিরাট বাধা সৃষ্টি হয়েছে। এ কারণে কোনো মার্কিন কিংবা বিদেশি কোম্পানি এসব বাধা ডিঙিয়ে ইরানে ওষুধ রপ্তানীর উদ্যোগ নিতে চায় না। ফলে ইরানে যেসব রোগী থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া, হেপাটাইটিস ও ডায়াবেটিসসহ নানা মারাত্মক রোগে ভুগছেন তাদেরকে চিকিতসা দেয়া কঠিন হয়ে পড়েছে। গত নভেম্বরে ইরানের এক হেমোফিলিয়ার রোগী প্রয়োজনীয় ওষুধের অভাবে মারা গেছেন।

আমেরিকার অবৈধ এ নিষেধাজ্ঞাকে বিশ্বের খ্যাতনামা বিশ্লেষণকারীরা অমানবিক বলে আখ্যা দিয়েছেন।# রেডিও তেহরান