৫ ডিসেম্বর ২০১২ - ০০:৩৫

কুয়েতের ৫০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনে সংখ্যালঘু শিয়া মুসলিম প্রার্থীরা ১৭টি আসন লাভ করেছেন।

বার্তা সংস্থা আবনা : কুয়েতের ৫০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনে সংখ্যালঘু শিয়া মুসলিম প্রার্থীরা ১৭টি আসন লাভ করেছেন। নির্বাচনি আইনে সংশোধনের প্রতিবাদে বিরোধীদলের বয়কটের মধ্যে শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত ১০ মাসের মধ্যে কুয়েতে শনিবার দ্বিতীয়বারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। গত জুনে আমীর শেখ সাবাহ আল-আহমাদ আস-সাবাহ  সরকারপন্থী পার্লামেন্ট ভেঙে দেয়ার পর এ নির্বাচনের প্রয়োজন পড়ে।

কুয়েতের ১২ লাখ জনসংখ্যার শতকরা ৩০ ভাগ শিয়া মুসলমান। এর আগে ২০০৯ সালের নির্বাচনে  গঠিত পার্লামেন্টেও শিয়াদের প্রতিনিধিত্ব ছিল।

কুয়েতের জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, ৫০ জন সংসদ সদস্যের মধ্যে তিন নারীসহ ৩৩টি নতুন মুখ রয়েছে।

কুয়েতের তথ্যমন্ত্রী জানিয়েছেন, শনিবারের নির্বাচনে ৩৮.৮ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু বিরোধীদল বলছে, ভোটার উপস্থিতি ছিল এর চেয়ে অনেক কম।

কুয়েতের প্রধান বিরোধীদল 'পপ্যুলার কমিটি' নবনির্বাচিত পার্লামেন্টকে 'অবৈধ' বলে উল্লেখ করেছে। তারা বলেছে, নতুন পার্লামেন্ট দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করছে না এবং এটি সব ধরনের বৈধতা হারিয়েছে।# রেডিও তেহরান