১৬ ডিসেম্বর ২০১২ - ১৮:১৫

মিশরে খসড়া সংবিধানের পক্ষে ৫৬ শতাংশ ভোট পড়েছে।

বার্তা সংস্থা আবনা : মিশরে খসড়া সংবিধানের পক্ষে ৫৬ শতাংশ ভোট পড়েছে। মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দলটির একজন প্রভাবশালী নেতা বলেছেন, ৯৯ শতাংশ কেন্দ্রের ভোট গণনা শেষে দেখা যাচ্ছে ৫৬.৫ শতাংশ মানুষ 'হ্যা' ভোট দিয়েছেন।

গতকাল (শনিবার) রাজধানী কায়রোসহ দেশের বিশাল অংশে খসড়া সংবিধানের ওপর গণভোটে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ ডিসেম্বর দেশের বাকী অংশে গণভোট অনুষ্ঠিত হবে।এরপরই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। মিশরের জুডিশিয়ারি কমিটির আহ্বানের পরিপ্রেক্ষিতে দেশটিতে দুই দিনে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বিচার বিভাগীয় ওই কমিটি গণভোট পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছে।

এর আগে বিশ্বের ১৫০টি দেশের মিশরীয় দূতাবাস ও কনস্যুলেটে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। বিদেশে বসবাসকারী মিশরীয়রা সেখানে ভোট দিয়েছেন।

গত ৩০ নভেম্বর মিশরের সাংবিধানিক পরিষদ সংবিধানের চূড়ান্ত খসড়া অনুমোদন করে। এরপরই প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি গণভোট আয়োজনের তারিখ ঘোষণা করেন।#রেডিও তেহরান