বার্তা সংস্থা আবনা : সিরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েনের বিরোধিতা করেছে রাশিয়া। দেশটি বলেছে- সিরিয়ায় ব্লু হেলমেটধারী জাতিসংঘের কোনো শান্তিরক্ষীকে ঢুকতে দেয়া হবে না।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ বলেছেন, "সেখানে কোনো শান্তিরক্ষী মোতায়েন করা যাবে না, কোনো যুদ্ধবিরতি পর্যবেক্ষণও করতে দেয়া হবে না।" তিনি আরো বলেছেন, সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের জন্য জাতিসংঘের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হলে তাতে রাশিয়া ভেটো দেবে। লিবিয়া ও ইরাক ইস্যুতে জাতিসংঘের ভূমিকা এবং প্রস্তাবের তীব্র সমালোচনাও করেন গাতিলভ।
জাতিসংঘ সিরিয়ায় ১০ হাজার শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা করছে বলে সম্প্রতি খবর বের হওয়ার পর রাশিয়া এ বক্তব্য দিল।
২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয় এবং বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা এক পর্যায়ে তাকে অস্ত্রের সহিংসতায় পরিণত করেছে। এ পর্যন্ত দেশটিতে বিদ্রোহী ও সেনাবাহিনীর সংঘর্ষে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। তবে, সবচেয়ে বেশি বেসামরিক মানুষ মারা গেছে বিদ্রোহীদের বোমা হামলায়। আমেরিকা, ইসরাইল, সৌদি আরব, তুরস্ক ও কাতার সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে।#রেডিও তেহরান