২২ ডিসেম্বর ২০১২ - ০৭:০৫

ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী ম্যারিও মন্টি।

বার্তা সংস্থা আবনা : ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী ম্যারিও মন্টি। দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলিভিও বারলুসকোনি ও তার দল মন্টিকে ক্ষমতা থেকে উতখাত করবেন বলে হুমকি দেয়ার কয়েকদিনের মাথায় তিনি পদত্যাগ করলেন।

ইতালির প্রেসিডেন্ট কার্যালয়ের সচিব দোনাতো মাররা গতকাল (শুক্রবার) এ পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট গিওর্গি ন্যাপোলিতানো প্রধানমন্ত্রী ম্যারিও মন্টির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

প্রেসিডেন্ট ন্যাপোলিতানো কয়েকদিনের মধ্যে দেশটির জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করবেন এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগ পর্যন্ত মন্টি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এক বছরের কিছু বেশি সময় আগে মন্টি ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। যখন তিনি ক্ষমতা নেন তখন দেশে তার জনপ্রিয়তা ছিল শতকরা ৬০ ভাগ কিন্তু এখন সে জনপ্রিয়তা কমে ৩০ ভাগে দাঁড়িয়েছে। পদত্যাগের সময় মন্টি বলেছেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে ইতালির অর্থনীতিকে পুনরুদ্ধার করা সহজ হবে না; এ জন্য অ্যাসপিরিনের বদলে আরো 'তিতা ওষুধ' খাওয়াতে হবে।

ইতালির সংসদে বারলুসকোনির মধ্য-ডানপন্থী পিপলস অব ফ্রিডম হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং এর প্রধান হিসেবে বারলুসকোনি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন। দেশে চলমান অর্থনৈতিক মন্দার কারণে সমর্থন তুলে নেয়ার হুমকি দেন তিনি।#রেডিও তেহরান