বার্তা সংস্থা আবনা : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় সিনিয়র প্রাদেশিক মন্ত্রী বশির আহমেদ বিলোরসহ অন্তত আট জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং বিলোরের ব্যক্তিগত সহকারী রয়েছেন।
পেশোয়ারের ব্যস্ত কিস্সা খানি বাজারের কাছে ঢাকি নালবান্দি এলাকার একটি বাড়িতে অনুষ্ঠিত রাজনৈতিক সভায় এ বোমা হামলা চালানো হয়। হামলার পর মন্ত্রী বিলোরকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।
নিহত মন্ত্রী খাইবার পাখতুনখোয়া প্রদেশের ক্ষমতাসীন দল আওয়ামী ন্যাশনাল পার্টি বা এএনপি'র সিনিয়র নেতা ছিলেন। শনিবার বিকেলে তার দলের এক রাজনৈতিক সভায় এ বোমা হামলা চালানো হয়। হামলার সময় বাড়িটিতে প্রায় ১০০ রাজনৈতিক নেতা-কর্মী সমবেত হয়েছিলেন। এ সময় আত্মঘাতী বেল্ট পরে এক ব্যক্তি সেখানে উপস্থিত হয় এবং বশির আহমেদ বিলোরের কাছে গিয়ে তার বোমার বিস্ফোরণ ঘটায়। হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির মুখপাত্র এহসানউল্লাহ এহসান এ হামলার দায়িত্ব স্বীকার করেছেন। তিনি অজ্ঞাত স্থান থেকে টেলিফোন করে ডন ডট কমকে জানিয়েছেন, তারাই মন্ত্রী বিলোরকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছেন।#রেডিও তেহরান