বার্তা সংস্থা আবনা : সলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, আগামী ২৮ ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী বিশাল নৌ মহড়া শুরু হচ্ছে। ওমান সাগরে হরমুজ প্রণালীর পূর্ব পাশে ১০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ওই মহড়া চলবে বলে আজ (মঙ্গলবার) এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। এ নৌ মহড়ার নাম দেয়া হয়েছে ‘বেলায়াত-৯১’।
হাবিবুল্লাহ সাইয়ারি আরো বলেছেন, ‘ আমরা প্রতিবেশী দেশগুলোর নৌ সীমানা মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক নীতিমালা ও আইন মেনেই মহড়া চালানো হবে।’ মহড়ায় সাবমেরিন, ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্র, টর্পেডো, ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা হবে। ওই মহড়ায় নতুন কিছু যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা চালানো হবে বলে তিনি জানান।
এর আগে গত বছরের ডিসেম্বরে 'বেলায়াত-৯০' নামের ১০ দিনব্যাপী নৌ মহড়া চালায় ইরানের নৌবাহিনী। এর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের সব দেশের শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। ইরান ঘোষণা করেছে,তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম এবং এ অঞ্চলে বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই।#রেডিও তেহরান