সংস্থা আবনা : হরমুজ প্রণালীতে ইরানের বিশাল নৌ মহড়া আজ থেকে শুরু হয়েছে। ছয় দিন ধরে তা চলবে। এ মহড়ার নাম দেয়া হয়েছে ‘বেলায়াত-৯১’।
নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাঞ্চল, এডেন উপসাগর এবং বাবেল মান্দেব প্রণালীর বিশাল এলাকায় ওই মহড়া চালানো হচ্ছে। তিনি আরো বলেছেন, ইরানের পানি সীমা ও জাতীয় স্বার্থ রক্ষায় নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনীর শক্তি ও সামর্থ্য তুলে ধরা এবং প্রতিবেশী দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দেয়া এ মহড়ার অন্যতম উদ্দেশ্য।
তিনি আরো বলেছেন, এ মহড়ার মাধ্যমে শত্রুদের কাছে এ বার্তা পৌঁছে দেয়া হবে যে, ইরানি জাতি সব ক্ষেত্রে বিশেষকরে আন্তর্জাতিক পানি সীমায় তাদের জাতীয় স্বার্থ রক্ষার বিষয়ে অত্যন্ত আন্তরিক।
মহড়া চলাকালে ইরানের ২৩তম নৌ বহর বাণিজ্যিক ও তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে। ওই বহরে ‘বুশেহর’ যুদ্ধ জাহাজ ও ‘জামারান’ ডেস্ট্রয়ার রয়েছে। ইরানের নৌবাহিনী জলদস্যুদের মোকাবেলার ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করেছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে 'বেলায়াত-৯০' নামের ১০ দিনব্যাপী নৌ মহড়া চালায় ইরানের নৌবাহিনী। এর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের সব দেশের শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। ইরান ঘোষণা করেছে,তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম এবং এ অঞ্চলে বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই।#রেডিও তেহরান