২৯ ডিসেম্বর ২০১২ - ১১:৪২

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো ধরনের শক্তি প্রয়োগ আঞ্চলিক ও বিশ্ব নিরাপত্তার জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো ধরনের শক্তি প্রয়োগ আঞ্চলিক ও বিশ্ব নিরাপত্তার জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। একইসঙ্গে দেশটি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি আবারো সমর্থন জানিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার এ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া একান্ত সাক্ষাতকারে মস্কোর সমর্থন ব্যক্ত করেন।

ল্যাভরভ আরো বলেন, "আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র পূর্ণাঙ্গ নজরদারিতে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। ইরানের প্রতিটি ইতিবাচক পদক্ষেপের বিপরীতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাড়া দেয়া এবং পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা তুলে নেয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।

সম্প্রতি, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর বৈঠককে দু'পক্ষের মধ্যে দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে তিনি নতুন দিগন্ত বলে আখ্যায়িত করেন।

আইএইএ'র রিপোর্টেও ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ পথ পরিবর্তনের কোনো প্রমাণ নেই বলে উল্লেখ করেন ল্যাভরভ।#রেডিও তেহরান