বার্তা সংস্থা আবনা : নতুন ধরনের কৌশলগত বিশাল সামরিক পরিবহন বিমান বানাচ্ছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে পাকিস্তানের দি লাহোর টাইমস এ খবর দিয়েছে।
সামরিক বাহিনীতে আধুনিকায়নের অংশ হিসেবে চীন এ পরিবহন বিমান বানোনোর প্রকল্প হাতে নিয়েছে। আমেরিকা যখন দেশটিকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক বলয়ে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে তখন চীন নতুন এ পরিকল্পনার কথা জানালো। এ ছাড়া, চীনের সঙ্গে প্রতিবেশি জাপানেরও বর্তমানে মারাত্মক টানাপড়েন চলছে।
চীনা সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াং ইউজুন বলেছেন, নতুন পরিবহন বিমান ওয়াই-২০ তৈরি করা হলে সামরিক বাহিনীর ক্ষমতা অনেক বেড়ে যাবে। তিনি জানান, এ পরিবহন বিমান শুধু সামরিক কাজেই ব্যবহার করা হবে না বরং অনেক প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি ত্রাণ বিতরণের কাজেও ব্যবহার করা হবে। তবে এ বিমান কবে থেকে চীনা সামরিক বাহিনীতে যোগ হবে তা তিনি জানাননি।
পূর্ব চীন সাগরে জাপানের সাম্প্রতিক বিমান ততপরতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চীনা সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, এ বিষয়ে বেইজিং ঘনিষ্ঠভাবে নজর রাখছে। তিনি আরো বলেন, চীনের সমুদ্রসীমা সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে#রেডিওতেহরান