২৯ ডিসেম্বর ২০১২ - ২০:৩০

মিশর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বাড়ি নির্মাণ সামগ্রী যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

বার্তা সংস্থা আবনা : মিশর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বাড়ি নির্মাণ সামগ্রী যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। এর ফলে গতকাল (শনিবার) থেকে মিশর হতে গাজায় হাজার হাজার টন সিমেন্ট, রড এবং অন্যান্য সামগ্রী যাওয়া শুরু করেছে। মিশর ও গাজার কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

পাঁচ বছর আগে গাজার ওপর ইহুদিবাদী ইসরাইল অবরোধ আরোপ করার পর এই প্রথম মিশর থেকে গাজায় প্রকাশ্যে বাড়ি নির্মাণ সামগ্রী যাওয়ার অনুমতি দেয়া হলো।

হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, এরইমধ্যে নির্মাণ সামগ্রী নিয়ে ২০টি ট্রাক রাফাহ ক্রসিং পয়েন্ট দিয়ে গাজায় ঢুকেছে।

সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের আমলে মিশর থেকে গাজায় বাড়ি নির্মাণ সামগ্রী যাওয়া নিষিদ্ধ ছিল। কিন্তু ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে গণবিপ্লবের মাধ্যমে মুবারকের পতন হওয়ার পর ইসলামপন্থী ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতায় আসার পর সে বাধা কেটে গেছে।

গাজা উপত্যকার ওপর ২০০৭ সালের জুন মাসে ইহুদিবাদী ইসরাইল একতরফা অবরোধ আরোপ করে। সেই থেকে গাজার প্রায় ১৫ লাখ বাসিন্দা মারাত্মক দুর্ভোগের মাঝে রয়েছেন।#রেডিও তেহরান