বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরান 'হাই-পাওয়ার' মিসাইল বা উঁচু ক্ষমতার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। চলমান নৌ মহড়া বেলায়াত-৯১ চলার মাঝেই এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে বলে ঘোষণা করেছেন মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি।
তিনি জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জাহাজ বিধ্বংসী টর্পেডোর পরীক্ষা চালানো হবে। এসব ক্ষেপণাস্ত্র ও টর্পেডো অত্যন্ত নিখুঁতভাবে শত্রু-লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এগুলোর ধ্বংসক্ষমতা ও পাল্লা অনেক বেশি বলে জানান তিনি।
এ ছাড়া, এ মহড়ার মাঝেই ইরানে তৈরি ড্রোনের পরীক্ষা চালানো হবে। এ ড্রোনে থাকবে অত্যাধুনিক সেন্সর সিস্টেম এবং এর পাল্লাও হবে অনেক বেশি।
গত শুক্রবার থেকে ছয় দিনব্যাপী এ সামরিক মহড়া শুরু করেছে ইরান। পারস্য উপসাগর, ওমান সাগর, এডেন উপসাগর ও দক্ষিণ ভারত মহাসাগরে এ মহড়া চলছে। ইরানের সমুদ্রসীমা রক্ষা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তেহরান বেলায়াত-৯১ মহড়া চালাচ্ছে। এবারের মহড়ার টার্নিং পয়েন্ট হচ্ছে ইরানের সুপার হ্যাভি তারেক-৯০১ সাবমেরিন। এ ছাড়া, দু'টি গাদির ক্লাস সাবমেরিনও এ মহড়ায় অংশ নেবে।#রেডিও তেহরান