৩১ ডিসেম্বর ২০১২ - ২০:৩০

ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, পারস্য উপসাগরে সব ধরনের ততপরতার ওপর তেহরানের সার্বক্ষণিক নজর রয়েছে।

বার্তা সংস্থা আবনা : ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, পারস্য উপসাগরে সব ধরনের ততপরতার ওপর তেহরানের সার্বক্ষণিক নজর রয়েছে। বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি আজ (মঙ্গলবার) এ কথা বলেন।

হাবিবুল্লাহ সাইয়ারি আরো বলেছেন, ‘ওই এলাকায় যে কোনো ধরনের ততপরতার ওপর নৌবাহিনী রাত-দিন প্রতি মূহুর্তে নজর রাখছে। পারস্য উপসাগরে কোনো ততপরতাই আমাদের নজর এড়ায় না।’ তিনি বলেন, পারস্য উপসাগরে বিজাতীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই। ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোর সহযোগিতায় গোটা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। কিন্তু পাশ্চাত্যের কিছু দেশ ইরানের রিবুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

নৌবাহিনীর প্রধান বলেন, পাশ্চাত্যের দেশগুলো জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে ইরানের শক্তি ও উন্নয়নকে সহ্য করতে পারছে না। এ কারণে তারা ইরানের সামরিক মহড়াগুলোর বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে। তিনি বলেন, যেসব দেশ পারস্য উপসাগরে অন্যায়ভাবে নিজেদের উপস্থিতি বজায় রাখতে চায়, সেসব দেশ চলমান নৌ মহড়ার মতো মহড়াগুলোকে আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

গত ২৮ ডিসেম্বর থেকে হরমুজ প্রণালীসহ বিশাল এলাকাজুড়ে ইরানের নৌ মহড়া চলছে। এ মহড়ার নাম দেয়া হয়েছে ‘বেলায়াত-৯১’#রেডিও তেহরান