বার্তা সংস্থা আবনা : ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরের বিশাল অঞ্চল জুড়ে চলমান বেলায়াত-৯১ নৌ মহড়া এলাকা থেকে এ পর্যন্ত বহিঃশক্তিগুলোর অন্তত ৩০টি গোয়েন্দা ড্রোনকে হটিয়ে দিয়েছে। ইরানের নৌবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং এ মহড়ার মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল আমির রাস্তেগারি এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, নানা ধরণের বিদেশি গোয়েন্দা ও টহল বিমান মহড়া এলাকায় ঢোকার ও গোয়েন্দা তথ্য জোগাড়ের চেষ্টা করেছে। ইরানি নৌবাহিনীর বিভিন্ন স্থল ঘাঁটির পাশাপাশি 'খাতামুল আম্বিয়া' বিমান প্রতিরক্ষা ঘাঁটি থেকে এ বিমানকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
চলমান এ নৌ মহড়ার পঞ্চম দিনে মঙ্গলবার 'কাদের' ও 'নূর' ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র কাদেরের পাল্লা ২০০ কিলোমিটার। 'কাদের' ক্ষেপণাস্ত্রটি শত্রুর যে কোনো যুদ্ধ জাহাজের উপর নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সাগরের তীর ছাড়া প্রয়োজনে বড় নৌযান থেকেও ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা যাবে।
চলমান বেলায়াত-৯১ মহড়ার মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল আমির রাস্তেগারি জানিয়েছেন, মহড়া এলাকার কাছাকাছি আসার চেষ্টা করার সময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী বহিঃশক্তিগুলোর বেশ কয়েকটি জাহাজকেও সতর্ক করে দিয়েছে। ইরানের ভূমি ও পানিসীমা রক্ষার সক্ষমতা যাচাইয়ের জন্য গত ২৮ ডিসেম্বর থেকে নৌবাহিনী ছয় দিনের মহড়া চলছে।
এর মাধ্যমে ইরান প্রতিবেশি দেশগুলোর কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে চায়। মহড়া চলছে পারস্য উপসাগর, ওমান সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের দক্ষিণ অংশে। আজ (বুধবার) এ মহড়া শেষ হওয়ার কথা রয়েছে।#রেডিও তেহরান